বাংলাদেশের কর্মসংস্থানের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বিনিয়োগ। উৎপাদন ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই বিনিয়োগে দেশি ও বিদেশি—উভয় প্রকারেরই গুরুত্ব থাকলেও, কর্মসংস্থানে দেশীয় বিনিয়োগের অবদান অনেক বেশি বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডার পরিসংখ্যান বলছে, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত দেশীয় বিনিয়োগের পরিমাণ ছিল ১০ হাজার ৫৭৫ কোটি মার্কিন ডলার, যার বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২৮ লাখ ১৭ হাজার ৯০২ জনের। একই সময়ে বিদেশি বিনিয়োগ এসেছে ৫ হাজার ৯৪৩ কোটি ডলার, যার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে মাত্র ৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ জনের।
পরিসংখ্যান অনুযায়ী, একজন মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগে যেখানে গড়ে ৯৩ হাজার ৪২৮ ডলার খরচ হয়, দেশীয় বিনিয়োগে তা মাত্র ৩৭ হাজার ৫২৮ ডলার। অর্থাৎ, দেশীয় বিনিয়োগের মাধ্যমে একই পরিমাণ কর্মসংস্থান করতে বিদেশি বিনিয়োগের প্রায় আড়াই গুণ বেশি অর্থ লাগে।
বিশ্লেষকেরা বলছেন, দেশীয় বিনিয়োগে উৎপন্ন মুনাফা সাধারণত দেশেই থেকে যায় এবং তা পুনর্বিনিয়োগ হয়, যার ফলে স্থানীয় শিল্প ও অবকাঠামোর উন্নয়ন ঘটে। অন্যদিকে বিদেশি কোম্পানিগুলো তাদের মুনাফার একটি বড় অংশ নিজ দেশে নিয়ে যায়, ফলে স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে।
বিডার তথ্য অনুসারে, ২০০৯-১০ অর্থবছরে ৩৯৩ কোটি ১০ লাখ ডলারের দেশীয় বিনিয়োগে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৯১ হাজার ৪১৮ জনের; অথচ ৮৯ কোটি ডলারের বিদেশি বিনিয়োগে কাজ পেয়েছে মাত্র ৩৯ হাজার ২৪৫ জন। ২০২০-২১ অর্থবছরেও একই চিত্র দেখা গেছে। ৬৬৬ কোটি ৬৯ লাখ ডলারের দেশীয় বিনিয়োগে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৬০ হাজার ১০০ জনের, আর ১০৫ কোটি ৮৪ লাখ ডলারের বিদেশি বিনিয়োগে কাজ পেয়েছে মাত্র ২০ হাজার ৬৮৬ জন।
তবে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা একেবারে অস্বীকার করছেন না বিশ্লেষকেরা। তাদের মতে, বিদেশি বিনিয়োগের সঙ্গে আসে উন্নত প্রযুক্তি, কারিগরি জ্ঞান এবং প্রতিযোগিতামূলক পরিবেশ। অনেক সময় বিদেশি বিনিয়োগকারীরা দেশের অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব বিনিয়োগ রপ্তানি বাড়াতে সহায়ক হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করে।
তবে আশঙ্কার বিষয় হলো, বর্তমান অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ছয় মাসে দেশে নিট বিদেশি বিনিয়োগে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে নিট এফà

