ছবি: ফুডপান্ডা থাইল্যান্ড
থাইল্যান্ডে ১৩ বছরের কার্যক্রম শেষে অনলাইন খাবার সরবরাহ সেবা ফুডপান্ডা তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আগামী ২৩ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
থাই সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড–এর এক প্রতিবেদনে বলা হয়, ফুডপান্ডার মূল কোম্পানি জার্মানভিত্তিক ‘ডেলিভারি হিরো’ থাইল্যান্ড থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে দীর্ঘদিনের ব্যয়বহুল লড়াইয়ের পর এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফুডপান্ডা থাইল্যান্ড জানায়, তারা গর্বের সঙ্গে গত ১৩ বছর ধরে সেবা দিয়ে এসেছে। তবে বর্তমান বাজার পরিস্থিতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ সময় তারা গ্রাহক, রেস্তোরাঁ পার্টনার ও রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
ডেলিভারি হিরো জানায়, থাইল্যান্ড ছাড়াও এর আগে ডেনমার্ক ও স্লোভাকিয়ার মতো বাজার থেকে কার্যক্রম গুটিয়েছে তারা। এ সিদ্ধান্ত তাদের ভৌগলিক কৌশল পুনর্বিন্যাসের অংশ। এখন থেকে প্রতিষ্ঠানটি শুধু লাভজনক এশীয় বাজারগুলোর ওপর মনোযোগ দেবে।
২০১২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করে ফুডপান্ডা। দ্রুতই জনপ্রিয়তা পেলেও আর্থিক দিক থেকে প্রতিষ্ঠানটি কখনও লাভজনক হয়নি।
২০২৩ সালে ফুডপান্ডা থাইল্যান্ড ৩.৮৪ বিলিয়ন থাই বাথ আয় করলেও ওই বছরেই তাদের লোকসান হয়েছে ৫২২ মিলিয়ন থাই বাথ। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩.৩৬ বিলিয়ন থাই বাথ (প্রায় ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার)।
এই সিদ্ধান্তে থাইল্যান্ডের অনলাইন খাবার সরবরাহ বাজারে বড় এক পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

